মাদক মেশানো পানীয় খাইয়ে নাবালিকাকে ধর্ষণ ঘটনা ঘটল এবার গাজিয়াবাদে৷ একটি রিহ্যাব ক্লিনিকের মালিক এই ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে৷ এখানেই শেষ নয়৷ মদ্যপ বাবার প্রাণনাশের হুমকি দিয়ে বারবার ওই নাবালিকাকে ধর্ষণ করে ক্লিনিকের মালিক৷ ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে৷ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ এফআইআর করে৷ তবে এখনও পর্যন্ত তাকে গ্রেফতার সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে৷
অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ৷ রিহ্যাবে মদ্যপ বাবাকে নেশার হাত মুক্ত করার জন্য নিয়ে যেত ওই নাবালিকা৷ বাবার মদের নেশার কারণেই আর্থিক দিক থেকে শুরু মানসিকভাবেও ভেঙে পড়েছিল সে৷ এমনতকি স্কুলও ছাড়তে হয়েছিল তাকে৷ বহু চেষ্টার পরও বাবাকে ঠিক পথে ফিরিয়ে আনতে না পেরে শেষে ওই রিহ্যাব সেন্টারে যায় সে৷ কিন্তু সেখানেও পরিস্থিতি উন্নতি হয়নি, উল্টে আরও সমস্যা বৃদ্ধি পাচ্ছিল৷
পশ্চিম দিল্লির বাসিন্দা ওই নাবালিকার বয়স ১৭বছর৷ সে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছিল৷ চল্লিশোর্দ্ধ বয়স নির্যাতিতার বাবার৷ যুক্ত ছিল পরিবহণ ব্যবসার সঙ্গে৷ ওই রিহ্যাব সেন্টারের মালিকই অসহায়তার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে৷ এমনকি তার নগ্ন ছবি-ভিডিও তুলে রাখে বলে জানায় নির্যাতিতা৷ এই বিষয়ে কাওকে বললে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকির পাশাপাশি তার বাবাকেও মেরে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত৷ আর এসবের ভয়ে মুখ বন্ধ করে রাখে সে৷ কিন্তু দুর্ভাগ্যবশত চলতি বছরে জানুয়ারিতে মারা যায় নাবালিকার বাবা৷ আর সমগ্র ঘটনা একসময় প্রকাশ্যে চলে আসে৷ তারপরেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে৷
