কালো পতাকায় বাধা, আলালসহ আটক ২০

কালো পতাকায় বাধা, আলালসহ আটক ২০

পুলিশের বাধায় পণ্ড বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি। নয়াপল্টন, ঢাকা। ছবি: সাজিদ হোসেনপুলিশের বাধায় পণ্ড বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি। নয়াপল্টন, ঢাকা। ছবি: সাজিদ হোসেনবিএনপির আজকের কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পুলিশের প্রবল বাধার মুখে পড়েছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হলে পুলিশ তা ভন্ডুল করে দেয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্তত ২০ জন নেতা-কর্মীকে আটক করা হয়। 
পুলিশ বলেছে, অনুমোদন ছাড়া রাস্তায় দাঁড়ানোর জন্য সমাবেশ ছত্রভঙ্গ করা হয়। বিএনপির কয়েক নেতা-কর্মীকে আটক করা হলেও সংখ্যাটা পুলিশ জানাতে পারেনি।
বিএনপির কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে গেলে হুড়োহুড়িতে আহত হন বিএনপির নেত্রী নিপুণ রায় চৌধুরী। নয়াপল্টন, ঢাকা। ছবি: প্রথম আলোবিএনপির কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে গেলে হুড়োহুড়িতে আহত হন বিএনপির নেত্রী নিপুণ রায় চৌধুরী। নয়াপল্টন, ঢাকা। ছবি: প্রথম আলোআজ বেলা ১১টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ছিল। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টা থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। নির্দিষ্ট সময়ের আগে পতাকাও প্রদর্শন শুরু করেন অনেকে। এ সময় হঠাৎ করেই জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের ওপর পুলিশ চড়াও হয়। সেখান থেকে ১০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে সেখানে দাঁড়িয়ে থাকা অন্য নেতা-কর্মীদের ধাওয়া করে পুলিশ। বিএনপির নেতা-কর্মীদের ওপর জলকামান থেকে পানি ছিটানো হয়। তাদের ধাওয়ায় কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের ভেতর ঢুকে পড়েন। পুরো এলাকায় হুড়োহুড়ি শুরু হয়। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল ফটক বন্ধ করে দেওয়া হয়।
পুলিশের ধাওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। নয়াপল্টন, ঢাকা। ছবি: প্রথম আলোপুলিশের ধাওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। নয়াপল্টন, ঢাকা। ছবি: প্রথম আলোওই ফটকের কাছ থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, সরকারের এটা কোন ধরনের আচরণ? সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা কর্মসূচির মধ্যে এভাবে জলকামান দিয়ে পানি ছিটানো, লাঠিপেটা, নির্বিচারে গ্রেপ্তার কোনো সভ্য গণতান্ত্রিক দেশের আচরণ হতে পারে না। রিজভী বলেন, ‘দলের মহাসচিবকেও তারা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
বিএনপির সূত্র জানায়, আজকের কর্মসূচি চলাকালে পুলিশের ধাওয়ার সময় হুড়োহুড়ির মধ্যে পড়ে আহত হন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী।
বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। নয়াপল্টন, ঢাকা। ছবি: প্রথম আলোবিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। নয়াপল্টন, ঢাকা। ছবি: প্রথম আলোবেলা সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির নেতা-কর্মীরা বের হয়ে যাওয়ার সময় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়। সবমিলিয়ে অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শিবলী নোমান আটকের কথা স্বীকার করলেও এর সংখ্যা বলতে পারেননি। এ ঘটনার পর সাংবাদিকদের তিনি বলেন, আজকে তাঁদের কর্মসূচিতে রাস্তায় দাঁড়ানোর কোনো অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন ছাড়া রাস্তায় দাঁড়ানোর জন্যই তাঁদের পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
ঢাকা কার্যত বিচ্ছিন্ন, মানুষ আতঙ্কে

ঢাকা কার্যত বিচ্ছিন্ন, মানুষ আতঙ্কে

বংশাল থানার বিস্ফোরক মামলায় নাদের নামের এই ব্যক্তিকে (দুই হাতে ব্যান্ডেজ ও প্লাস্টার) রিমান্ড চেয়েছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। গতকাল বিকেলে তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।  ছবি: হাসান রাজা বংশাল থানার বিস্ফোরক মামলায় নাদের নামের এই ব্যক্তিকে (দুই হাতে ব্যান্ডেজ ও প্লাস্টার) রিমান্ড চেয়েছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। গতকাল বিকেলে তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। ছবি: হাসান রাজা
  • আজ খালেদা জিয়ার মামলার রায়
  • ঢাকায় ১০ হাজার পুলিশ ও ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে থাকবেন
বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়ার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশের সঙ্গে ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি কোনো কর্মসূচি না দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং বিশেষ নিরাপত্তাব্যবস্থায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মামলায় সাজা পেলে তা দেশের রাজনীতিতে বিশেষ বার্তা বয়ে আনতে পারে। স্বাধীনতার পর আইনি প্রক্রিয়ায় এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিচারকাজ শেষ হচ্ছে। এই রায়ের প্রভাব চলমান রাজনীতি, আগামী নির্বাচন এবং সামগ্রিকভাবে দেশের রাজনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে তাঁরা মনে করেন।
বিএনপি কর্মসূচি ঘোষণা না করলেও রায় ঘিরে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিরাপত্তার বাড়াবাড়ি কি না, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিএনপি তো কোনো কর্মসূচি দেয়নি। সেখানে সরকার একদিকে তাদের দলীয় বাহিনী, আরেক দিকে পুলিশ, র‍্যাব ও বিজিবি নামিয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে। অথচ সরকারের দায়িত্ব হলো দেশের শান্তি-স্থিতি রক্ষা করা।’

অবশ্য পুলিশ বলছে, এসব করা হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা এবং রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির সম্ভাব্য নাশকতা ঠেকাতে। দলের পক্ষ থেকে কর্মসূচি নেই বলা হলেও রায়ের পর কিছু ঘটবে না, এটা বিশ্বাস করতে চায় না সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রায়কে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁদের কাছে যতটুকু তথ্য আছে, সেটা বিবেচনা করে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে গত ৯ দিনে গ্রেপ্তার হয়েছেন দলটির প্রায় তিন হাজার নেতা-কর্মী। কয়েক দিন ধরে ঢাকার প্রবেশমুখগুলোতে এবং শহরের বিভিন্ন স্থানে র‍্যাব-পুলিশের তল্লাশি চলছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে ঢাকায় ১০ হাজার পুলিশ ও ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকার বাইরে মোতায়েন করা হয়েছে ৬৯ প্লাটুন বিজিবি, আরও ৬৫ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। সন্ধ্যার পর থেকে শহরজুড়ে বিরাজ করছিল থমথমে পরিস্থিতি।

কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকার পরও এত প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান প্রথম আলোকে বলেন, একটা দায়িত্বশীল সরকারের এটাই দায়িত্ব হওয়া উচিত। ঘটনা ঘটার পর, নাকি ঘটনার আগে প্রস্তুতি নিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে? বর্তমান সরকার ঘটনা ঘটার আগেই যথাযথ দায়িত্ব পালন করছে।

এদিকে আজ রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে মানুষের দৃষ্টি আদালতের দিকে, তেমনি শঙ্কাও সৃষ্টি হয়েছে। আজ এসএসসি পরীক্ষা রয়েছে। মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় স্টেট ম্যাচও শুরু হচ্ছে আজ সকালে। সকাল আটটায় রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজে উদ্বোধন হচ্ছে একাদশ জাতীয় বিজ্ঞান মেলা। গতকাল সন্ধ্যা থেকে অবরুদ্ধ হয়ে পড়া নগরীতে আজ সব মিলিয়ে জনজীবন কীভাবে অতিবাহিত হবে, তা নিয়ে সবাই চিন্তিত।

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ ও বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে। দুর্নীতি দমন কমিশন এই মামলা দায়ের করে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর পুত্র এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন মামলার আসামি। আজ রায় ঘোষণার সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার সাজা হলে তাঁকে কারাগারে পাঠানো হবে কি না, হলে কোন কারাগারে রাখা হবে—এ নিয়ে সর্বত্র আলোচনা। এরই মধ্যে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের নারী সেলের দোতলার ঘরগুলোতে ধোয়ামোছার কাজ চলছে। আবার গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় নারী কারাগারের কথাও আলোচনায় আছে।
গতকাল সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া বলেছেন, তিনি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন। তবে রায় যা-ই হোক, উচ্চতর আদালতে দুই পক্ষেরই আপিলের সুযোগ থাকবে।

প্রধানমন্ত্রীর এতিম তহবিলের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় এই মামলা করা হয়। এর মধ্যে ৫(২) ধারার অভিযোগ (অর্থ আত্মসাৎ) প্রমাণিত হলে ৪০৯ ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত-৫-এ এই মামলার বিচারকাজ চলে। ২০১৪ সালের ১৯ মার্চ এই আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে গত ২৫ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণা করেন বিচারক মো. আখতারুজ্জামান।
এই মামলার শুনানির শেষ দিনে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মোশাররফ হোসেন বলেছেন, মামলার প্রায় প্রতিটি কার্যক্রম চ্যালেঞ্জ করে আসামিপক্ষ বারবার উচ্চতর আদালতে গেছে। কিন্তু প্রতিবারই হেরে এসেছে। তাঁরা এই আদালতে যেসব যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, উচ্চতর আদালতেও একই কথা বলেছেন। আর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ দিয়ে মামলার অভিযোগ আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

অন্যদিকে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রেজাক খান বলেন, ১৯৯১ সালের ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে ২০০৭-০৮ সালে শুরু হতে পারে না। তদন্ত কর্মকর্তা কিছু কথা বলেছেন, যেগুলো সর্বৈব মিথ্যা। ঘষামাজা নথি ও মনগড়া তথ্য দিয়ে সাজানো মামলাটিতে যে কোনো সারবত্তা নেই, তা তাঁরা আদালতে প্রমাণ করতে পেরেছেন। তাই তিনি সব আসামির বেকসুর খালাস দাবি করেন।
বিএনপির পক্ষ থেকে রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। দলের নেতা-কর্মীরা সমবেত থাকবেন বলে দলীয় সূত্রে যে কথা শোনা গিয়েছিল, তা-ও নাকচ করে খালেদা জিয়া শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের কথা ঘোষণা করেছেন।

তবে গত ৩০ জানুয়ারি খালেদা জিয়া একটি মামলায় হাজিরা শেষে ফেরার পথে দলীয় নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং আটক-গ্রেপ্তার শুরু করে।
অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, রায়কে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে এবং তাদের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য রাজপথে থাকবেন।
 গতকালই নগরীর হকার ও উদ্বাস্তুদের যথাসম্ভব রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পথচারীদের ওপর চলে কড়া নজরদারি। ঢাকার বাইরে থেকে ঢাকায় যানবাহন আসা কমে যাওয়ায় গতকালই ঢাকা মহানগরী প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে, আজও এই পরিস্থিতি অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, গতকাল রাজধানীর গাবতলী এলাকায় প্রাইভেট কার-মাইক্রোবাস, মোটরসাইকেল ও দূরপাল্লার বাসে কঠোর তল্লাশি চালায় পুলিশ। গাবতলী ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার সাইফুল আলম প্রথম আলোকে বলেন, রায়কে কেন্দ্র করে গাবতলীতে ১০০ জন ট্রাফিক পুলিশ ডাবল শিফটে দায়িত্ব পালন করছেন। আগে তাঁরা তিন শিফটে এ দায়িত্ব পালন করতেন। দারুস সালাম থানা-পুলিশও তাদের সঙ্গে তৎপর রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পুলিশ সদস্যের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।

বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে সেখানে থাকা কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার বাইরে থেকে গাড়ি কম আসছে। মূলত যাত্রীসংকট থাকার কারণেই বিভিন্ন জেলা থেকে বাস ছেড়ে আসতে পারছে না বলে তাঁরা জানান।

হানিফ পরিবহনের টিকিট বিক্রেতা মাধব চন্দ্র দেব বলেন, অন্য দিন যেখানে তাঁদের ১২-১৩টি বাস ছেড়ে যায়, সেখানে গতকাল বিকেল পর্যন্ত ছেড়েছে ৫টি। মহাখালী বাস টার্মিনালেও যাত্রীর সংখ্যা ছিল কম।
বুধবার বিকেল থেকেই গণপরিবহন এবং ব্যক্তিগত ও দূরপাল্লার যানবাহন চলাচলে অস্বাভাবিকতা সৃষ্টি হয়েছে। কর্মজীবী সাধারণ মানুষ আজ কীভাবে কর্মস্থলে যাতায়াত করবেন, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, সরকার বলছে, সহিংসতা প্রতিরোধে তাদের এই ব্যবস্থা। যেকোনো অজুহাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের ব্যাপক মোতায়েন জনগণের চলাচল, সমাবেশ, বাক্স্বাধীনতা ও দৈনন্দিন কাজকর্ম অর্থাৎ সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী।

শাহদীন মালিকের মতে, কেউ অপরাধ করলে তাকে অবশ্যই গ্রেপ্তার ও বিচার করতে হবে। কিন্তু সম্ভাব্য অপরাধের অজুহাতে পুরো রাজধানী এভাবে অবরুদ্ধ করা জনগণের অধিকারকে অশ্রদ্ধা করারই নামান্তর।

একনজরে
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা
দুদকের মামলা
২০০৮ সালের ৩ জুলাই
অভিযোগপত্র
২০০৯ সালের ৫ আগস্ট
প্রধান অভিযোগ
প্রধানমন্ত্রীর এতিম তহবিলের ২,১০,৭১,৬৭১ টাকা আত্মসাৎ
অভিযোগ গঠন
২০১৪ সালের ১৯ মার্চ
আসামি: ৬ জন
মোট সাক্ষী: ৩২ জন
মামলার ধারা
দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২), দণ্ডবিধির ৪০৯, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড
মোট শুনানি: ২৩৬ কার্যদিবস
আত্মপক্ষ সমর্থন: ৩৪২ ধারায় আসামিরা করে বক্তব্য দেন ২৮ দিন
যুক্তিতর্ক উপস্থাপন: ১৬ দিন
যুক্তিতর্ক শেষ: ২৫ জানুয়ারি। ওই দিনই রায়ের তারিখ ঘোষণা করেন আদালত

সূত্রঃ প্রথম আলো